
আপডেট: আগস্ট ৭, ২০২১
বিজয় নিউজ:: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আট ও উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন।
শনিবার সকালে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯৫ জন। যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোনিম্ন।
এর আগে শুক্রবার ২৮ জনের মৃত্যু হয়; একই সময়ে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬২৪ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫ জন এবং করোনা ওয়ার্ডে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে বরিশালে তিন,ভোলায় তিন ও ঝালকাঠিতে দুজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৬ জনে।
একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৫ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮১৭ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৬১৮ জন।
আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৭১ জন নিয়ে মোট ১৫ হাজার ৬০৬ জন, পটুয়াখালীতে নতুন ৯ নিয়ে মোট ৫ হাজার ১৪০ জন, ভোলায় নতুন ১০৮ জনসহ মোট চার হাজার ৮৫১ জন, পিরোজপুরে নতুন পাঁচজনসহ মোট চার হাজার ৬৮৭ জন, বরগুনায় নতুন শনাক্ত না থাকায় মোট তিন হাজার ২৪৯ জন ও ঝালকাঠিতে নতুন ২ জন নিয়ে মোট ৪ হাজার ২৮৪ জন রয়েছেন।
এদিকে, শেবাচিম হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৪ জন ও করোনা ওয়ার্ডে ১১ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৭৭ জন চিকিৎসাধীন।
তাদের মধ্যে ৯৭ জন করোনা ওয়ার্ডে এবং ১৮০ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯২ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৩১ দশমিক ২৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।