
আপডেট: সেপ্টেম্বর ১, ২০২১
বিজয় নিউজ:: বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক আলোচনা সভা করেছে বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) ও মহানগর বিএনপি। বুধবার বেলা ১২টার দিকে নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ে মহানগর বিএনপি ও প্রেস ক্লাবে জেলা বিএনপির পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মহানগর বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, আমি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে তার ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। আজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের স্বাধীনতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্বগাঁথা অবদানকে অস্বীকার করে। আওয়ামী লীগ নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার নীলনকশা এঁকেছে। তারা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব তারা ছিনিয়ে নিতে চায়। পাশাপাশি জিয়ার মাজার উচ্ছেদের মাধ্যমে সরকার যে নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে তা জনগণ মেনে নেবে না।
সরোয়ার আরও বলেন, খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে শিগগিরই কেন্দ্র থেকে কর্মসূচি দেওয়া হবে। সেই কর্মসূচী বাস্তবায়নে বরিশাল মহানগর বিএনপির নেতার্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সহসভাপতি আহসানুল কবির হাসান, আব্বাস উদ্দিন বাবলা, ফিরোজ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন।
অন্যদিকে একই উপলক্ষে বেলা ১২টার দিকে বরিশাল প্রেস ক্লাবে পৃথক আলোচনা সভা করেছে বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এবায়দুল হক চান, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন প্রমুখ।