১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

গাছতলায় ক্লাস করল শিক্ষার্থীরা

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২১

রাজশাহী প্রতিনিধি:: দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও রাজশাহীর চারঘাট পৌর এলাকার পিরোজপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করেছে গাছতলায়। এছাড়া পঞ্চম শ্রেণির ক্লাস হয়েছে পাশের আরেকটি বিদ্যালয়ে।

রোববার (১২ সেপ্টেম্বর) চারঘাটের পিরোজপুর এলাকায় সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টি ছিল টিনশেডের। অফিস, স্টোররুম ও শ্রেণিকক্ষ মিলে মোট ৯টি রুম ছিল। কিন্তু বর্তমানে মাত্র দুটি। যার একটিতে দাপ্তরিকসহ শিক্ষকরা অন্যান্য কাজ করেন। অন্যটিতে করা হয়েছে স্টোররুম। এতে রাখা হয়েছে রড, সিমেন্টসহ অন্যান্য নির্মাণসামগ্রী। এছাড়া বিদ্যালয়ের মাঠে পড়ে রয়েছে ইট, বালু ও মাটির স্তূপ।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের মোট ২৯২ শিক্ষার্থী। এর মধ্যে পঞ্চম শ্রেণির ৬০ জনের মধ্যে উপস্থিত ছিল ৫০। তৃতীয় শ্রেণির ৮০ শিক্ষার্থীর মধ্যে ৫৫ জন উপস্থিত ছিল।

শিক্ষার্থীদের অভিযোগ, অনেকদিন পর স্কুল খুলেছে। কিন্তু রুমে বসতে পারিনি। ক্লাস করেছি গাছতলায় ইটে বসে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুরাদ আলী বলেন, করোনার শুরুতে দোতলা ভবন নির্মাণকাজ শুরু হয়েছিল। কথা ছিল ছয় মাসের মধ্যেই কাজ শেষ হবে। কিন্তু দেড় বছরের বেশি পার হলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল দপ্তর। তাই বাধ্য হয়েই গাছ তলায় ক্লাস করাতে হয়েছে।

‘পঞ্চম শ্রেণির জন্য পাশের একটি উচ্চবিদ্যালয়ে রুম চেয়ে নিয়েছি। সেখানেই ক্লাস নেওয়া হবে’ জানান তিনি।
চারঘাট সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ মো. মনজুল ইসলাম বলেন, সকালে পরিদর্শনকালে প্রধান শিক্ষককে বলেছি পাঠদানের জন্য অন্তত একটা রুম তৈরি করতে। নির্মাণকাজের ধীরগতি ও ভবন নির্মাণের সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

174 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন