
আপডেট: March 26, 2022
বিজয় নিউজ:: হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শনিবার দুপুরে উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম রহমত আলী (৫০)। তিনি একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের খেলু মিয়ার ছেলে লিংকনের কাছে টাকা পাওনা ছিল রহমত আলীর ছেলে রুবেল মিয়ার। বৃহস্পতিবার ওই টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ওই বিরোধের জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত রহমত আলীসহ উল্লিখিত সংখ্যক লোক আহত হন। তাদের সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসাধীন রহমত আলী মারা যান।
বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, রহমত আলী সদর আধুনিক হাসপাতালে মারা গেছেন। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।