২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

নূর হোসেনকে আদালতে না পেয়ে জেল সুপারকে শোকজ

আপডেট: জুলাই ১৪, ২০২২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নূর হোসেনকে আদালতে না পেয়ে জেল সুপারকে শোকজ নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে আদালতে উপস্থিত করতে পারবেন না মর্মে আদালতকে অবগত না করায় নারায়ণগঞ্জ জেল সুপারের প্রতি ক্ষিপ্ত হয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত।

সেইসঙ্গে জেল সুপারকে শোকজ করা হয়েছে এবং আগামী ৮ আগস্ট স্বশরীরে উপস্থিত থেকে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। একইসঙ্গে জেল সুপারের বিরুদ্ধে অর্ডারসিট আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত জেল সুপারের দায়িত্বে অবহেলাকে দায়ী করে আগামী ৮ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেছেন।

আদালত সূত্র বলছে, এদিন সাত খুন মামলার দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলায় চারজনের সাক্ষ্য নিয়ে যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য ছিল। একইসঙ্গে মাদক ও চাঁদাবাজি মামলায় নূর হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। সেই লক্ষ্যে রায় প্রস্তুত ছিল এবং সাক্ষীরাও আদালতে উপস্থিত হয়েছিলেন।

কিন্তু নূর হোসেন আদালতে উপস্থিত না থাকায় মামলার কোনো কার্যক্রমই পরিচালনা করা হয়নি। সাক্ষীদের সাক্ষ্য না দিয়েই চলে যেতে হয়েছে।

এ বিষয়ে জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট জাগো নিউজকে বলেন, এই মামলার গুরুত্বপূর্ণ আসামি নূর হোসেন। ঢাকা স্পেশাল কোর্টে অন্য মামলায় হাজির থাকার কারণে নারায়ণগঞ্জ আদালতে তাকে উপস্থিত করানো হয়নি। নূর হোসেন আদালতে উপস্থিত থাকতে পারবেন না কিংবা তাকে আদালতে আনা হবে না এই বিষয়টি আদালতে অবগত না করায় আদালত জেল সুপারের প্রতি ক্ষিপ্ত হয়েছেন।

114 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন