
আপডেট: August 17, 2026
কামরুল হাসান রাসেলঃঃ বরিশালে শারীরিকভাবে অক্ষম এক বেকার যুবক ইশরাক হোসেনকে মানবিক বিবেচনায় চাকরি দিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সোমবার (১৭ আগস্ট) বেলা ১টার দিকে তার হাতে নিয়োগপত্র তুলে দেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
নিয়োগপত্র পাওয়ার সময় ইশরাকের মা কান্নায় ভেঙে পড়লে প্রশাসকের কক্ষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি জানান, তার স্বামী অনেক আগেই মারা গেছেন। একমাত্র ছেলে ইশরাককে নিয়েই তার সংসার। অসুস্থতাজনিত কারণে ইশরাকের ডান হাত ও ডান পা অকেজো হয়ে গেছে। ছেলের চিকিৎসা ও সংসারের ব্যয় বহন করতে গিয়ে তারা চরম আর্থিক সংকটে পড়েছিলেন।
ইশরাক হোসেন বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকার বাসিন্দা। তার বাবার নাম শওকত হোসেন। তিনি ডিপ্লোমা সম্পন্ন করেছেন এবং বর্তমানে ডিগ্রিতে পড়াশোনা করছেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও কম্পিউটার পরিচালনায় তিনি দক্ষ।
ইশরাক জানান, তাকে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ শাখায় সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন বেকার থাকার পর চাকরিটি পাওয়ায় তার পরিবারে স্বস্তি ফিরেছে। তিনি বলেন, ‘এই চাকরি আমার পরিবারের জন্য নতুন আশার আলো। প্রশাসকের প্রতি আমি ও আমার মা কৃতজ্ঞ।’
বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, কয়েকদিন ধরে তিনি লক্ষ্য করছিলেন, একজন মা তার ছেলেকে নিয়ে তার কক্ষের সামনে দাঁড়িয়ে থাকেন। বিষয়টি জানতে চাইলে তারা তাদের অসহায়ত্বের কথা জানান। পরে মানবিক দিক বিবেচনা করে ইশরাকের জন্য চাকরির ব্যবস্থা করা হয়।
প্রশাসক আরও বলেন, ‘ইশরাক মেধাবী এবং কম্পিউটার ভালো জানে। সে যদি দায়িত্ব পালনের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে, তাহলে ভবিষ্যতে তাকে স্থায়ী করার বিষয়টি বিবেচনা করা হবে।’
চাকরি পেয়ে ইশরাক ও তার মা বিসিসি প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের আশা, নতুন কর্মসংস্থানের মাধ্যমে পরিবারের দীর্ঘদিনের আর্থিক সংকট কিছুটা হলেও দূর হবে।