অভিযোগ প্রমাণিত: পটুয়াখালীর ছয় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আপডেট: August 20, 2026

ফাহিম ফিরোজ, বিশেষ সংবাদদাতা  : বিভিন্ন অভিযোগের তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় পটুয়াখালীর ছয় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার। বিভাগীয় মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর সরকারি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। গত ১৯ আগস্ট বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শাস্তির আওতায় থাকা ছয় কর্মকর্তার ২০২৮ সালের জুন পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত থাকবে। একই সময়ের মধ্যে তারা কোনো পদোন্নতির জন্য বিবেচিত হবেন না। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্ভিস বইয়ে শাস্তির আদেশ লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শাস্তিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা তানিয়া আক্তার মুক্তা, একই উপজেলার গলাচিপা ইউনিয়নের আ ন ম মুরাদুল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের মংলাতেন, বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের মো. আল কাইয়ুম, রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মো. আবু জাফর এবং দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের মো. তারিকুল ইসলাম।
বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর নিয়ম অনুযায়ী তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ সরকারি বিধি অনুযায়ী শাস্তির আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও সহকারী কমিশনার তালুকদার মো. ইনতেজার জানান, বিভাগীয় মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, “আমাদের স্পষ্ট ম্যাসেজ, অন্যায় করলে শাস্তি পেতে হবে।” শাস্তির বিষয়টি জনসম্মুখে আসা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এতে কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষও সচেতন হবে। এর আগেও আর্থিক অনিয়মের কারণে চারজনকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা জানান, সরকারি দায়িত্ব পালনে অনিয়ম কিংবা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ছয় ভূমি কর্মকর্তার ক্ষেত্রেও তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

50 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন