
আপডেট: September 11, 2026
স্টাফ রিপোর্টার ঃহঃ দৈনিক সমকালের বরিশাল অফিস থেকে পত্রিকাটির সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পুলক চ্যাটার্জীর পরনের পোশাকের উপরের পকেট থেকে হাতে লেখা ছয়টি চিঠি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত্যুর আগে লেখা ওই চিঠিগুলোতে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি।
চিঠিগুলোর একটিতে স্ত্রী ও সন্তানদের দেখাশোনার বিষয়েও নির্দেশনা রয়েছে বলে জানা গেছে। সেখানে তার ছোট ভাই এবং দৈনিক সমকালের বর্তমান প্রতিবেদক সুমন চৌধুরীকে স্ত্রী-সন্তানদের দেখাশোনার দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে।

তবে উদ্ধার হওয়া চিঠিগুলোতে ঠিক কী লেখা রয়েছে এবং মৃত্যুর পেছনে কী কারণ ছিল, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলক চ্যাটার্জী দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। দৈনিক সমকালের বরিশাল অফিসে ব্যুরো প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ছয়টি চিঠি ও অন্যান্য আলামত গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।