১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশাল‘আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ি’

আপডেট: আগস্ট ২৭, ২০১৯

ঝুলন্ত লাশ। প্রতীকী ছবি

বরিশাল শেবাচিম হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে আসলাম হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আসলামের হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে স্বজনরা। তাতে লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ি’।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চতুর্থ শ্রেণি স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

নিহত আসলাম শেবাচিমের চতুর্থ শ্রেণি কর্মচারী আব্দুস সোহবাহান হাওলাদার ও হাসিনা বেগম দম্পতির ছেলে। পেশায় তিনি একজন অ্যাম্বুলেন্স ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্ত্রী নাহিদা জানান, তিনি রান্নাঘরে ছিলেন। দুপুরে ঘরের দরজা বন্ধ করে উচ্চশব্দে গান শুনছিলেন স্বামী আসলাম। আড়াইটার দিকে বড় মেয়ে দরজা ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে দরজা খুলে ফ্যানের সঙ্গে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন।

এদিকে আসলামের স্ত্রীর ডাক-চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। তারা আসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আসলামের হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে স্বজনরা। তাতে লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ি’।

মৃত্যুর সঠিক কারণ জানাতে না পারলেও আসলামের স্বজনরা বলেন, আসলাম দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। অ্যাম্বুলেন্স ব্যবসায় লোকশান হলে দুই থেকে আড়াই লাখ টাকা দেনাগ্রস্ত হন তিনি। এমনকি বাজার করার মতো টাকা ছিল না তার কাছে।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শক আসাদুজ্জামান বলেন, একটি চিরকুট পাওয়া গেছে। তাতে তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেছেন বলে উল্লেখ রয়েছে। তার পরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

161 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন