১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

ছেঁড়া তার লাগাতে গিয়ে শ্রমিক লীগ নেতার মৃত্যু

আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯

বিজয় নিউজ::  বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে রংপুর বিদ্যুৎ বিতরণ বিভাগ-২-এর লাইনম্যান ও মহানগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর কটকীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নেসকো বিদ্যুৎ বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদত হোসেন। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আব্দুল মান্নানকে হত্যা করা হয়েছে। আব্দুল মান্নান বদরগঞ্জের সন্তোষপুর এলাকার বাসিন্দা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, মঙ্গলবার বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল বিতরণ বিভাগ-২-এর কেরানিপাড়া ও কটকিপাড়া এলাকায়। এ সময় ট্রান্সফরমারের তার বিদ্যুতের খুঁটিতে লাগাতে মই নিয়ে ওঠেন লাইনম্যান আব্দুল মান্নান। তার লাগানোর একপর্যায়ে মই থেকে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মৃত্যুর খবর জানাজানি হলে স্বজনরা হাসপাতালে ভিড় জমান।

এ বিষয়ে বিদ্যুৎ বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদত হোসেন বলেন, এসব দুর্ঘটনা খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক। মানুষের সেবা দিতে গিয়ে আমাদের দক্ষ লোকজন এভাবে দুর্ঘটনার শিকার হন।

তবে  ছেলে আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, বিদ্যুতের লাইন মেরামতের জন্য কন্ট্রোল রুম থেকে সংযোগ বন্ধা করা হয়। পরে কাজ শেষ না হতেই সংযোগ চালু করা হলে আমার বাবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

এ ব্যাপারে বিদ্যুৎ বিতরণ বিভাগ-২-এর প্রকৌশলী শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলতে বলে ফোন রেখে দেন।

146 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন