
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯
বিজয় নিউজ:: ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে মো. তরিকুল ইসলাম নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আরও ১০ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭২ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।
শুক্রবার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে এসব অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
র্যাব-৮ এর এএসপি ও ভোলা ক্যাম্পের কমান্ডার আবুল কালাম আজাদ বলেন, আটক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা দিয়ে আসছিল। এমন অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার হাসপাতাল রোড এলাকার চৌধুরী মেডিসিন কর্নার থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া র্যাবের পক্ষ থেকে ১০টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে। এর মধ্যে ৩ টি ডায়গনস্টিক সেন্টার, একটি ডেন্টাল কেয়ার, পাঁচটি মেডিসিনের দোকান ও একটি ফলের দোকান রয়েছে। এ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।