১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

মারধোরের পর খুঁজে পাওয়া যাচ্ছে না মাদরাসা ছাত্র সাইমুমকে

আপডেট: অক্টোবর ২, ২০১৯

বেনাপোল প্রতিনিধি;: আহসান হাবিব সাইমুম নামে ১৪ বছরের এক মাদরাসা ছাত্রকে মারধোর করার পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বজনদের দাবি তাকে আটকে রেখে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকল আত্মীয়-স্বজনের বাড়ি খুঁজে না পেয়ে তার মা শাহানাজ পারভীন মঙ্গলবার বিকেলে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছার উলাকোল হাফিজিয়া মাদরাসায়। আহসান হাবিব সাইমুম শার্শা উপজেলার বাগাডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

মাদরাসা ছাত্রের পিতা আব্দুর রাজ্জাক বলেন, মায়ের অসুস্থতার খবর পেয়ে শুক্রবার সকালে সে বাড়িতে এসে দুপুরে আবার মাদরাসায় ফিরে যায়। মাদরাসার হুজুর সাইদুর রহমান তাকে না বলে বাড়িতে যাওয়ার অপরাধে বেদম মারপিট করে। এরপর শনিবার থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। আমরা সকল আত্মীয়র বাড়িতে খোঁজ নিয়েছি কিন্তু কোথাও পাইনি।

মাদরাসার হুজুর সাইদুর রহমান তাকে না বলে বাড়িতে যাওয়ার অপরাধে মারার কথা স্বীকার করে বলেন, শনিবার আমরা যখন শুয়ে ছিলাম তখন সে পালিয়েছে। এর বাইরে মন্তব্য করতে তিনি রাজি হননি।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে তার মা শাহানাজ পারভীন বারবার মুর্ছা যাচ্ছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, দেড় বছর আগে ছেলেকে কোরআনের হাফেজ বানানোর জন্য সেখানে রেখে আসি। মাদরাসায় ৬০টি ছোট ছোট ছেলে থাকে সেখান থেকে আমার ছেলেটি চলে গেল অথচ কেউ দেখতে পেলো না।

এতেই আমার সন্দেহ হচ্ছে। হুজুরকে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান থানায় জিডির কথা স্বীকার করে বলেন, ঘটনাটি যেহেতু পার্শ্ববর্তী ঝিকরগাছা থানায় সেহেতু সেখানকার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

409 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন