১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

আপডেট: অক্টোবর ১২, ২০১৯

বিজয় নিউজ::  বরিশালের গৌরনদী উপজেলায় অটো রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে কেয়া আক্তার  নামের  প্রবাসী ওই নারীর মৃত্যু হয়। নিহত নারী উপজেলার বাঘমারা গ্রামের সিদ্দিক বেপারীর কন্যা।

নিহতের চাচি নুরজাহান বেগম জানান, কাতার প্রবাসী কেয়া আক্তার গত দেড় মাস আগে ছুটিতে বাড়িতে আসেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে সাতটার দিকে কেয়া তার খালার বাড়ি বাউরগাতী থেকে অটো রিকশাযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে অটো রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তার গলায় ফাঁস লাগে।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দেওয়ান আব্দুস সালাম তাকে মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে ওই প্রবাসীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। কিন্তু এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

146 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন