বরিশালে সরকারি ৭৬৮০ কেজি চাল জব্দ,আ’লীগ নেতার কারাদন্ড

আপডেট: April 17, 2020

বিজয় নিউজ:: বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির কাছ থেকে ৭ হাজার ৬৮০ কেজি সরকারি চাল পাওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বরিশালের জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টায় বানারীপাড়া উপজেলার উত্তরপার বাজারে একটি নামবিহীন দোকান থেকে ৭ হাজার ৬৮০ কেজি চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের মধ্যে ইনটেক বস্তা ছিলো ৭টি এবং খালি বস্তা ২৪৯টি। ওই দোকানে খাদ্য অধিদপ্তরের বস্তা খুলে চাল অন্য বস্তায় ভরার চেষ্টা চলছিলো।

এসময় সেখানে উপস্থিত বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ আলী ভ্রাম্যমান আদালতের কাছে ওই চাল কাবিখার এবং তা অন্যত্র বিক্রির জন্য বস্তা পরিবর্তন করার বিষয়টি স্বীকার করেন। মানবিক সহায়তা কার্যক্রমের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য ক্রয় বিক্রয়ের অপরাধ হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৯ ধারা অনুসারে ইউসুফ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, এই পর্যন্ত যেখানেই সরকারি চাল আত্মসাতের খবর পাওয়া গেছে সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ ভবিষ্যতে এই ঘটনার সাথে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

221 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন