নৌকাডুবি: নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার

আপডেট: August 5, 2020

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতপুর পাঁচকেরির হাওর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হুকড়া গ্রামের আলী নূর (৩৮) ও তার ছেলে খোকন (৭)। তাদের মরদেহ দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানান, ৫-৭ জন যাত্রী নিয়ে ছোট একটি ইঞ্জিলচালিত নৌকা মঙ্গলবার শিবপাশা থেকে রহমতপুর যাচ্ছিল। বিকালে রহমতপুর গ্রামের কাছে পাঁচকেরির হাওরে পৌঁছলে হঠাৎ নৌকাটি পানিতে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ২-৩ জনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুলন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করে। নিখোঁজ হন দুলন আক্তারের ভাই আলী নূর ও ভাইপো খোকন।

সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজ করেও তাদের সন্ধান পাননি ডুবুরিরা। সন্ধ্যায় অভিযান স্থগিত রাখা হয়। এদিকে বুধবার সকালে হাওরে স্থানীয়রা বাবা ও ছেলের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। তারা মরদেহ দুটি উদ্ধার করে দাফন সম্পন্ন করে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান, নিখোঁজদের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

191 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন