স্ত্রীকে‘অপহরণচেষ্টার’অভিযোগে আটক স্বামী

আপডেট: May 27, 2021

মেহেরপুর প্রতিনিধি:; মেহেরপুরের গাংনীর বামন্দীতে স্ত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে স্বামী আব্দুল মালেককে (২৭) আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। মালেকের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে সাংসারিক বিরোধ চলছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে বামন্দী বাজারের কাছে এ ঘটনা ঘটে।

আটক আব্দুল মালেক ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের মুছা খলিফার ছেলে।

স্থানীয়রা জানান, বামন্দী বাজারের একটি এনজিওতে কর্মরত মালেকের স্ত্রী ফিল্ড ওয়ার্কে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এসময় আব্দুল মালেক ও তার খালাতো ভাই মেহেরপুর হোটেল বাজারের কাবিরুল, রাকিবসহ চার-পাঁচজন একটি মাইক্রোবাসে সেই নারীকে তুলে নেয়ার চেষ্টা করেন। তখন তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে আব্দুল মালেককে আটক করেন। তবে পালিয়ে যান তার সঙ্গীরা।

পরে খবর দিলে ভুক্তভোগী নারী ও আব্দুল মালেককে থানায় নিয়ে আসে পুলিশ।

ভুক্তভোগীর দাবি, তাকে অপহরণের চেষ্টা করছিলেন মালেক ও তার সঙ্গীরা। তারা তাকে প্রতিনিয়তই মেরে ফেলার হুমকি দিতেন।

এদিকে আব্দুল মালেকের দাবি, তারা দু’জন স্বামী-স্ত্রী। কয়েক মাস ধরে তাদের মধ্যে মতবিরোধ চলছিল। স্ত্রীকে নিজের কাছে নিয়ে যেতে চাচ্ছিলেন তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, তাদের দু’জনের সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে আটক ব্যক্তির বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ রয়েছে কি-না তাও যাচাই করা হচ্ছে। এছাড়া স্ত্রী কোনো অভিযোগ দিলে মালেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

160 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন