
আপডেট: September 22, 2026
স্টাফ রিপোর্টার ঃঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল পরিমাপে অনিয়ম ঠেকাতে অভিযান শুরু করেছে বরিশাল জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ফিলিং স্টেশনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে একটি ফিলিং স্টেশনে পরিমাপ সঠিক পাওয়ায় কোনো জরিমানা করা হয়নি।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদের নির্দেশে মঙ্গলবার দুপুর আড়াইটার পর এ অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস।
অভিযানকালে মাপে কম-বেশি দেওয়ার অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬ ধারায় গড়িয়ারপার এলাকার মেসার্স সারা ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জয়কে মেশিনের ত্রুটি দ্রুত ঠিক করার জন্য সময়সীমা বেঁধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অন্যদিকে একই অভিযোগে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের কামিনী ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. সোহেলকে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনাকালে বাবুগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বিএসটিআইয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান এবং পরিদর্শক আলামিন সরকার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, বিভিন্ন ফিলিং স্টেশনের বিরুদ্ধে পরিমাপে কম দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ বিবেচনায় নিয়ে ফিলিং স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।