
আপডেট: September 28, 2026
স্টাফ রিপোর্টার ঃঃ বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আটিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, সন্ধ্যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। তারা আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক সৌরভ ঢালী এবং তার দুই বন্ধু মোস্তাকিন ও তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর সুরভী পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও বাসের স্টাফরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
এদিকে দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।