বরিশাল এলজিইডিতে সিন্ডিকেট ও কমিশন বাণিজ্যের অভিযোগ, তদন্ত দাবি

আপডেট: November 15, 2026

বিশেষ প্রতিবেদন ঃঃ বরিশাল
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সিন্ডিকেট, কমিশন বাণিজ্য, প্রশাসনিক প্রভাব বিস্তার ও বহিরাগত ব্যক্তির দাপ্তরিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। নির্বাহী প্রকৌশলী মো. রহমত-ই-খুদা, হিসাবরক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কম্পিউটার অপারেটর হিসেবে পরিচিত ইমরান হোসেন রিয়াদকে ঘিরে এসব অভিযোগ সামনে এসেছে। স্থানীয় কয়েকজন ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তির দাবি, দীর্ঘদিন ধরে একই অঞ্চলে দায়িত্ব পালন এবং দাপ্তরিক প্রভাবকে কেন্দ্র করে একটি প্রভাবশালী বলয় তৈরি হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন সচেতন মহল।
দীর্ঘদিন বরিশাল অঞ্চলে কর্মরত থাকার অভিযোগ
অভিযোগকারীদের দাবি, নির্বাহী প্রকৌশলী মো. রহমত-ই-খুদা প্রায় ১৮ বছর ধরে বিভিন্ন পদে ঘুরেফিরে বরিশাল অঞ্চলে দায়িত্ব পালন করছেন। বরিশাল জেলায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করে পদোন্নতির মাধ্যমে বর্তমানে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
তাদের আরও দাবি, ২০২৩ সালে তিনি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সদস্য হন। পরবর্তীতে সংগঠনকেন্দ্রিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে বদলি-পদায়নসহ প্রশাসনিক বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ শূন্য থাকাকালে একাধিকবার অতিরিক্ত দায়িত্ব পালনের বিষয়টিও আলোচনায় এসেছে।
অভিযোগকারীদের ভাষ্য, বরিশাল অঞ্চলের কোনো কর্মকর্তা-কর্মচারীর বদলির আদেশ জারি হলে তা পরিবর্তন বা বাতিলের জন্য এলজিইডির প্রধান কার্যালয়ের প্রশাসন শাখায় প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট বদলির নথি ও প্রশাসনিক সিদ্ধান্ত পর্যালোচনার দাবি জানিয়েছেন তারা।
কমিশন বাণিজ্যের অভিযোগ
স্থানীয় একাধিক ঠিকাদারের অভিযোগ, কাজ পাইয়ে দেওয়া এবং বিল ছাড়ের ক্ষেত্রে কমিশন লেনদেনের একটি চক্র সক্রিয় রয়েছে। তাদের দাবি, বিল উত্তোলনের সময় কমিশন দাবি করা হয় এবং ওই অর্থ বিভিন্ন পর্যায়ে ভাগ-বাটোয়ারা করা হয় বলে তারা মনে করেন।
এ ধরনের অভিযোগ উঠেছে বরিশাল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষক মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধেও। কয়েকজন ঠিকাদারের দাবি, বিল-সংক্রান্ত কার্যক্রমে তার বিরুদ্ধে কমিশন চাওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা নথি বা প্রমাণ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগকারীদের দাবি, সাইফুল ইসলাম ২০০৯ সাল থেকে বিভিন্ন সময়ে বরিশাল অঞ্চলে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রীরও বরিশাল এলজিইডি কার্যালয়ে কর্মরত থাকার বিষয়টি উল্লেখ করে তারা সম্ভাব্য স্বার্থের সংঘাতের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।
বহিরাগত রিয়াদকে হিসাব শাখায় সম্পৃক্ত করার অভিযোগ
কম্পিউটার অপারেটর হিসেবে পরিচিত ইমরান হোসেন রিয়াদকে ঘিরেও নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, হিসাবরক্ষক সাইফুল ইসলাম তাকে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের হিসাব শাখার বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করছেন।
তাদের ভাষ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত একটি প্রকল্পে কর্মরত ছিলেন রিয়াদ। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর তিনি বরিশাল জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কাজ করতে থাকেন। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান তার কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলে তাকে অফিস থেকে বের করে দেন বলে অভিযোগ রয়েছে।
এরপর নির্বাহী প্রকৌশলী মো. রাসেক খান দায়িত্ব গ্রহণের পর রিয়াদকে আবারও সাবেক কর্মস্থলে কাজের সুযোগ দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্টদের দাবি। তবে পরবর্তীতে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দাপ্তরিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয় বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
বর্তমানে হিসাবরক্ষক সাইফুল ইসলাম রিয়াদকে হিসাব শাখার কর্মকাণ্ডে যুক্ত করতে ঊর্ধ্বতন পর্যায়ে তদবির করছেন বলেও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের লিখিত সিদ্ধান্ত বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে হিসাবরক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ঠিকাদারদের কাছ থেকে কমিশন দাবি করার অভিযোগ সত্য নয়। চাকরির সুবাদে ভোলাসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে হয়েছে। সেই ধারাবাহিকতায় আমি বরিশালে কর্মরত রয়েছি।”
তিনি কমিশন বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে তার চাকরির ইতিহাসকে নিয়মিত বদলি ও দায়িত্ব পালনের ধারাবাহিকতা হিসেবে তুলে ধরেন।
নির্বাহী প্রকৌশলীর বক্তব্য
বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মো. রাসেক খান বলেন, “বিষয়টি অ্যাকাউন্ট সেকশন দেখছে। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
নির্বাহী প্রকৌশলী মো. রহমত-ই-খুদার বক্তব্য জানতে তার কার্যালয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠ একটি সূত্র আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে বলে জানা গেছে।
নিরপেক্ষ তদন্তের দাবি।

76 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন