
আপডেট: January 13, 2020
অনলাইন ডেস্ক :: চার বছর বিজ্ঞাপনে কাজ করে এবার অভিনয়ে নিয়মিত হচ্ছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ছোট বোন মিশৌরী রশিদ। তিনি গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিরোনামহীন’-এ অভিনয় করছেন। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে মিশৌরী অভিনয় করছেন। বর্তমানে ঢাকার নিউ মার্কেটে এর শুটিং চলছে।
মিশৌরী রশিদ গণমাধ্যমকে বলেন, আমার শুরুটা পারিবারিকভাবে হলেও এখন নিজের ইচ্ছাতেই আসলে অভিনয় করছি। বেশকিছু মোবাইল অপারেটরসহ অনেক পণ্যের মডেল হয়েছি। বছর খানিক আগে সুবর্ণা মুস্তাফা ম্যাডামের একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। সেটাই ছিল প্রথম। এরপর অভিনয়ে কিছুদিন বিরতি দেই। এখন আবার নিয়মিত কাজ শুরু করেছি।
কিছুদিন আগে নুহাশ হুমায়ুনের ‘পিৎজা ভাই’ নাটকে কাজ করেছেন এই তরুণ অভিনেত্রী। এটি বর্তমানে প্রচারের অপেক্ষায় রয়েছে। অভিনয় ছাড়াও নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন মিশৌরী। মিশৌরী রশিদ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন।