
আপডেট: মার্চ ৮, ২০২১
বিজয় নিউজ:;বরিশাল বিভাগের চিত্র পাল্টে দিতে যাচ্ছে দুই সেতু। এরইমধ্যে সেতু দু’টির নির্মাণকাজ শেষ ভাগে।
বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী পয়েন্টে পায়রা নদীর ওপর সেতুটির কাজ অনেকটাই শেষ পর্যায়ে।আর পিরোজপুরে কচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পানির নিচের কাজ শেষ হয়ে উপরিভাগের কাজ দ্রুত এগিয়ে চলছে।
স্থানীয় জানায়, পদ্মা সেতু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে সরাসরি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়া যোগাযোগ স্থাপিত হবে।
এদিকে বেকুটিয়া সেতু চালু হলে পিরোজপুর ও বরগুনার পাথরঘাটার সঙ্গে ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী জেলার সঙ্গে সরাসরি সড়কপথে যোগাযোগ স্থাপন হবে। খুলনার সঙ্গে বাগেরহাট হয়ে সরাসরি বরিশাল-পটুয়াখালীর সড়কপথে যাতায়াত ব্যবস্থাও চালু হবে।
এ সবকিছু মিলিয়ে উন্নয়ন মহাযজ্ঞে এরইমধ্যে জমিজমার দাম বেড়েছে কয়েক গুণ। পায়রা বন্দর ঘিরে ওই এলাকায় অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে। পাল্টে যাচ্ছে এ অঞ্চলের চেহারা। এ ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরেই বরিশাল দেশের অন্যতম শিল্পবাণিজ্যের কেন্দ্রে পরিণত হবে বলে আশা ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও রাজনীতিকদের।