
আপডেট: মে ১৮, ২০২১
নাটোর প্রতিনিধি:: নাটোরের বড়াইগ্রামে মেয়েকে বাঁচিয়ে দিয়ে নিজে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জীবন দিলেন নুরজাহান বেগম (৩৪) নামে এক মমতাময়ী মা।
নিহতের স্বামী ও ছেলের চোখের সামনেই মঙ্গলবার নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গড়মাটি মুচিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার উপজেলার গড়মাটি মুচিপাড়া গ্রামের মিলন হোসেনের স্ত্রী নুরজাহান বেগম তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে জমি থেকে ঢেঁড়স তুলতে যাচ্ছিলেন। পথে তার স্বামী ও ছেলে মাহিন (১৩) মহাসড়ক পার হয়ে গেলেও চলমান গাড়ির ভিড়ের কারণে নুরজাহান ও তার মেয়ে জান্নাতুল খাতুন (৪) রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় আলুবোঝাই দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে ছুটে আসছিল। বিষয়টি দেখতে পেয়ে মা নুরজাহান তার মেয়ে জান্নাতুলকে দুই হাতে ধরে দূরে ফেলে দিয়ে নিজে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর চালক-হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।