প্রধানমন্ত্রীকে‘আনারস’উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আপডেট: July 11, 2021

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:: এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৮০০ কেজি ত্রিপুরার বিখ্যাত রানী জাতের রসাল আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

রোববার সকাল ১০টায় একটি পিকআপভ্যানে করে আনারসের চালান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে এসে পৌঁছায়।

আখাউড়া-আগরতলায় শূন্যরেখায় আনারসের চালান ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ট্যুরিজমের পরিচালক তরিত কান্তি চাকমা চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (সহকারী হাইকমিশনার) উদত ঝার হাতে তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা ইন্ট্রিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ডা. ফনীভূষণ জমাতিয়া, আখাউড়া কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, কাস্টমস ইন্সপেক্টর ফারুক ভূঁইয়া, আখাউড়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. আব্দুল মোতালেবসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় দুই দেশের কর্মকর্তারা জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুলাই রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য। এর বিপরীতে রোববার সকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৮০০ কেজি আনারস পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য।

তারা বলেন, এই ফল আদান-প্রদানই মুখ্য বিষয় নয়; দুই দেশের মধ্যে যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে, এই ফল আদান-প্রদানের মাধ্যমে এর প্রতিফলন ঘটেছে। দুই দেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

204 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন