২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে বসতঘর থেকে হোমিও চিকিৎসকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট: আগস্ট ১২, ২০২১

বিজয় নিউজ:; বরিশাল মহানগরের ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা থেকে এক হোমিও চিকিৎসকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় লাশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ওই চিকিৎসকের নাম ডা. মো. মঞ্জুর মোর্শেদ (৭০)। তিনি কাশিপুর এলাকার নব বায়ো-হোমিও চিকিৎসালয়ের স্বত্বাধিকারী। তিনি অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার ছেলে জগলুল মোরশেদ প্রিন্স নগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মো. মঞ্জুরের স্বজন সূত্রে জানা যায়, তিনি বুধবার রাতে বাসায় একা ছিলেন। বৃহস্পতিবার সকালে তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে তার বাসার পেছনের জানালার একটি গ্রিল ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে। সেখানে তার নাকে ও চোঁখে আঘাতের চিহ্ন দেখা যায় বলেও জানান তারা।

গভীর রাতে কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাসার পেছনের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি কমলেশ হালদার জানান, ঘটনাস্থলে গিয়ে হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় মো. মঞ্জুরের মৃতদেহ পাওয়া যায়। সেই সঙ্গে তার নাক ও মুখে রক্তাক্ত জখমের চিহ্নও দেখা যায়। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

সিআইডির টিম ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতিও চলছে। তদন্তে মৃত্যুর কারণ জানা গেলে এ বিষয়ে মামলা করা হবে বলেও জানান তিনি।

160 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন