২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আ.লীগ নেতার বাড়িতে সরকারি চাল

আপডেট: আগস্ট ৩১, ২০২১

বিজয় নিউজ:: শরীয়তপুর জেলার সদর উপজেলার এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে সরকারি ৫২ বস্তা চাল উদ্ধার করেছেন শরীয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড। পরে শরীয়তপুর উপজেলা খাদ্য বিভাগ আংগারিয়া অঞ্চলকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগ নেতার দাবি, এ চাল তিনি ব্যবসার জন্য পুলিশ লাইন থেকে কিনেছেন। শরীয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর জেলার সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরপাতাং এলাকার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাওলাদার ও তার পার্শ্বের বাড়ির প্রবাসী বাবুল সরদারের ভবন থেকে সরকারি ৫২ বস্তা চাল উদ্ধার করেছেন শরীয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড। পরে উপজেলা খাদ্য বিভাগ আংগারিয়া অঞ্চলকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন তিনি। শরীয়তপুর জেলা খাদ্য কর্মকর্তা নুরুল হক ঘটনাস্থল পরিদর্শন করে তার সত্যতা পান। সেখানে তিনি পুলিশ সুপারের নামে ডিও করা ৪ টন চালের অর্ডার কপি পান। তবে আওয়ামী লীগ নেতা কীভাবে চাল কিনেছেন, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

আওয়ামী লীগ নেতা আব্দুর রব হাওলাদারের মেয়ের জামাই আনোয়ার সরদার বলেন, আমরা ব্যবসা করার জন্য পুলিশ লাইন থেকে এ চাল কিনেছি। সেসব কাগজপত্র আমরা দেখিয়েছি।

আওয়ামী লীগ নেতা আব্দুর রব হাওলাদার বলেন, এ চাল আমি ব্যবসার জন্য পুলিশ লাইন থেকে কিনেছি। সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন। আমি নির্বাচনে আংগারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। এ কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

শরীয়তপুর পুলিশ লাইনের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) খন্দকার মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

শরীয়তপুর জেলা খাদ্য কর্মকর্তা নুরুল হক বলেন, পুলিশের কাছ থেকে ব্যবসায়ী আব্দুর রব হাওলাদার চাল কিনেছেন। এ মর্মে তার কাছে একটি প্রত্যয়নপত্র আছে। আমরা চালগুলো আটক রেখেছি। বিষটি খতিয়ে দেখবো।

শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামানকে বারবার মোবাইলে ফোন করেও পাওয়া যায়নি।

156 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন