
আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২১
বিজয় নিউজ:: বরিশালে প্রাইভেটকারের তেলের ট্যাংকি থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর বিশ্বাসপাড়ার বনজির বিশ্বাস (৪০), শিবগঞ্জ থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলাম বাবু (৩৫), বরিশাল নগরীর ব্রাউন্ড কম্পাউন্ডের বাসিন্দা মাইনুল ইসলাম সিকদার (৪৫) এবং বানারীপাড়ার সলিয়াবাকপুর গ্রামের মাইনুদ্দিন মিয়া (৪৫)।
পুলিশ জানায়, বিএমপির বিমান বন্দর থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার দিনগত রাত পৌঁনে ১২টায় পুলিশের একটি টিম ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় ঢাকা থেকে বরিশালগামী প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে গাড়ির তেলের ট্যাংকির মধ্য থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিলগুলো সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জ থেকে এনে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিমান বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।