
আপডেট: অক্টোবর ১৯, ২০২১
হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার বাউশিয়ার নতুন চরের উদ্বাস্তুদের বসতি ঘরে ঢুকে নারী, পুরুষ, শিশু সহ গবাদিপশুকে পিটিয়ে আহত করে এবং নিরপরাধ ব্যক্তিদের ধরে নিয়ে আইনের
আওতায় কারাদণ্ড দেয়ার অভিযোগ উঠেছে মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির সদস্যদের বিরুদ্ধে।

ভুক্তভোগীরা জানান, শনিবার ১৬ অক্টোবর দুপুর আড়াইটায় হঠাৎ করে নৌপুলিশ সদস্যরা তাদের বসতি মারমুখি হয়ে ঘরে ঢুকে পড়ে এবং বলতে থাকে লবণদেয়া মাছ তোরা কোথায় রেখেছিস।
ভুক্তভোগীরা যখন বলে তাদের কাছে কোনো মাছ নেই এরপরই তাণ্ডব চালায় নৌপুলিশ সদস্যরা। শুরু করে বেধরক পিটুনি নারী, পুরুষ, শিশু সহ গবাদিপশুও রেহাই পায়নি। এতে আহত হয়েছে
ইয়াসমিন(২০), জাহানারা বেগম(৩২), হালিমা বেগম(৪৫) ও রাবেয়া বেগম(৩০)। এই তাণ্ডবে সাগর নামে এক শিশুও আহত হয়েছে। আহতরা সবাই হিজলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে কামাল মাতাব্বর, হাসান মাতাব্বর, বারেক খান ও রাকিব ঘরামীকে ঘর থেকে টেনে হিচড়ে নৌপুলিশ আটক করে নিয়ে যায়।
স্থানীয় বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জন্টু হাওলাদার জানান, এরা এ বছর নদী ভাঙ্গার কারণে ঐ পাড়ে বসতি গড়ে। বিষয়টি হিজলা উপজেলা প্রশাসন, হিজলা নৌ পুলিশ,

কোষ্টগার্ প্রত্যেকে জানে। কোন কারণে মেহেন্দিগঞ্জ পুলিশ এমনটি ঘটালো তা বুঝলাম না। বিষয়টি হিজলা উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
হিজলা নৌপুলিশের ইনচার্জ সোহেল রানা জানান, বেশ কয়েকটি উদ্বাস্তু পরিবারের বসবাস ঐস্থানে, ভুক্তভোগী পরিবারের সদস্যরা হিজলা নৌপুলিশ ফাঁড়িতে এসে অভিযোগ করে। তবে হিজলা নৌপুলিশ
ফাঁড়ির সদস্যরা উক্ত ঘটনার সাথে জড়িত নয়। এ ঘটনা জানার জন্য মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এর মোবাইল ০১৩২০১৬৭০৯০ নাম্বারে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।