২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

বিয়ে বাড়ির খাবার খেয়ে বরযাত্রীসহ ৪০ জন হাসপাতালে ভর্তি

আপডেট: মে ২৮, ২০২২

কক্সবাজার প্রতিনিধি:: মহেশখালীতে এক বিয়ে বাড়িতে খাবার খেয়ে ৪০ জন ডায়রিয়া ও পেট ব্যথায় আক্রান্ত হয়েছে

মহেশখালীতে এক বিয়ে বাড়িতে খাবার খেয়ে ৪০ জন ডায়রিয়া ও পেট ব্যথায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত সকলেই হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছ মহেশখালী উপজেলার বড় মহেশখালীর জাগিরাঘোনা এলাকায়।

সূত্র মতে, মহেশখালী পৌরসভার পুটিবিলার জাহাঙ্গীর আলমের সঙ্গে বড় মহেশখালীর দক্ষিণ জাগিরাঘোনার জৈনক সলিমের মেয়ের বিয়ে ঠিক হয়। শুক্রবার দুই পক্ষের মতামতে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যথারীতি শুক্রবার জোহরের নামাজের পর পৌরসভার পুটিবিলা থেকে বরযাত্রি যায় বড় মহেশখালীর কনের বাড়িতে। ওই সময় বিয়ে বাড়ির খাওয়া দাওয়া শেষে বরযাত্রীসহ সবাই চলে যায়। কিন্তু রাতে অনেকের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হলে ৪০ জন অসুস্থ হয়ে হাসপাতালে যায়। বর্তমানে সকলেই হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় প্রতিনিধি মাহাবুব রোকন জানান, শুক্রবার দুপুরে বড় মহেশখালীর বিয়ে বাড়িতে বরপক্ষ আসার পর খাওয়া দাওয়া শুরু হয়। উভয় পক্ষের অধিকাংশ মানুষ এক সঙ্গে খেতে বসেন। খাওয়ার পর রাতেই অনেকের পেটে ব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। পরে রাত সাড়ে ৯টা থেকে শনিবার সকাল পর্যন্ত ৪০ জনকে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ শেফা আক্তার(১৮) জানান, গত শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করি। পরে পেটে ব্যথা উঠে। রাতে পাতলা পায়খানা হওয়ার পর শনিবার সকালে মহেশখালী হাসপাতালে ভর্তি হই। এ ছাড়া আমাদের সঙ্গে যারা খেয়েছেন তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক যুগান্তরকে জানান, বিয়ে বাড়ির অনুষ্ঠানে যারা অংশ গ্রহণ করেছেন তাদের অনেকেই পেটের ব্যথা ও পাতলা পায়খানা নিয়ে ভর্তি হয়েছে। এই পর্যন্ত ৪০ জন রোগী বিয়ে বাড়ির খাবার খাওয়ার অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

98 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন