২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে শিশুকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ ফেলা হয় ডোবায়

আপডেট: মে ৩১, ২০২২

বিজয় নিউজ:: বরিশালের উজিরপুরে নিখোঁজের চারদিন পর দীপ্ত মন্ডল নামে (৮) এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর তার মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেন হত্যাকারীরা।

মঙ্গলবার (৩১ মে) ভোরে উপজেলার হারতা ইউনিয়নের কাজী বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নারীসহ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দীপ্ত মন্ডল কাজীবাড়ি এলাকার দীপক মণ্ডলের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

গ্রেফতাররা হলেন- প্রতিবেশী রতন বিশ্বাস ও তার স্ত্রী ইভা বিশ্বাস এবং একই এলাকার নয়ন চন্দ্র শীল।

দীপ্ত মন্ডলের স্বজনরা জানান, ২৭ মে রাত থেকে নিখোঁজ ছিল দীপ্ত মন্ডল। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও দীপ্ত মন্ডলকে না পেয়ে ২৮ মে উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে দীপ্ত মন্ডল নিখোঁজের পর থেকেই প্রতিবেশী রতন বিশ্বাস ও নয়ন চন্দ্র শীলের আচরণ ছিল সন্দেহজনক। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা রতন বিশ্বাস ও নয়ন চন্দ্রকে কাচে দীপ্ত মন্ডলের নিখোঁজের বিষয় জানতে চান। এ সময় তারা অসংলগ্ন কথা বলতে থাকেন। এক পর্যায়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়দের জেরার মুখে তারা দীপ্ত মন্ডলকে হত্যার কথা স্বীকার করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে দীপ্ত মন্ডলের মরদেহ ডোবার মধ্যে ফেলে আসার কথা তারা স্বীকার করেন।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, রতন বিশ্বাস ও নয়ন চন্দ্রের স্বীকারোক্তি অনুযায়ী শিশু দীপ্ত মন্ডলের বস্তাবন্দি মরদেহ কাজী বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়। তাদের সহায়তা করার অভিযোগে রতন বিশ্বাসের স্ত্রী ইভা বিশ্বাসকেও গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও বলেন, কী কারণে এবং কেন দীপ্ত মন্ডলকে হত্যা করা হয়েছে তা জানতে গ্রেফতার ৩ জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি দীপ্ত মন্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

206 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন