
আপডেট: জুন ১৫, ২০২২
বিজয় নিউজ:; বরিশালে চাঁদার দাবিতে দোলা ব্রিকফিল্ডে হামলা-ভাংচুর করে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ম্যানেজার রিমনের বিরুদ্ধে। বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে হিজলতলা এলাকায় বুধবার দুপুর তিনটায় এ ঘটনা ঘটে।
ওই ব্রিকফিল্ডের বর্তমান ম্যানেজার আলামিন জানান, চলতি বছরের ডিসেম্বর মাসে সানাউল হক সগির ও বাদল চন্দ্র দাস সঞ্জিবের যৌথ মালিকানায় ব্যবসা শুরু করেন। কয়েক মাস আগে অংশিদার সগির ফেব্রুয়ারীর ১৬ তারিখ মারা যান। তারপর থেকে অপর অংশিদার সঞ্জিব ও তৎকালীন ম্যানেজার রিমন মিলে টাকা আত্মসাত করেন। সগিরের স্ত্রী সানজিদা টাকা আত্মসাতের ঘটনায় তৎকালীন ম্যানেজার রিমনকে বহিষ্কার করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রিমন ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় ১০-১৫ জনকে নিয়ে বুধবার দুপুরে হামলা-ভাংচুর চালিয়ে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন রিমন। এসময় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যান তিনি। হামলার আগে বরিশাল নগরীতে প্রবেশকালে রিমন আমাদের দুটি ট্রাক আটকে রেখেছেন।
সাবেক ম্যানেজার বিএইচ রিমন জানান, সগিরকে ব্যবসায় বিনিয়োগের জন্য ১০ লাখ টাকা স্টাম্পে চুক্তি করে ধার দিয়েছি। সেই টাকা পরিশোধের আগেই সগির মারা গেছেন। তার স্ত্রীর কাছে টাকা চাইলে তিনি তালবাহানা শুরু করেন। আমার টাকা না দিয়ে বুধবার তার স্ত্রী ব্রিকফিল্ডের সব ইট বিক্রি করে দিচ্ছিলো। তাই আমি ঘটনাস্থলে গিয়ে ইটবিক্রি আটকে টাকা আদায়ের জন্য থানায় অভিযোগ দিয়েছি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আসাদুজ্জামান জানান, মঙ্গলবার ওই প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজার রিমন একটি অভিযোগ দিয়েছেন। অন্যদিকে সগিরের স্ত্রী সানজিদা বুধবার বিকেলে মৌখিকভাবে হামলার ঘটনা জানালেও কোন লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।