
আপডেট: মে ২৮, ২০২৩
বিজয় নিউজ:; জাতীয় পার্টির প্রার্থী তাপস বলেন, সাবেক মেয়র শওকত হোসেন হিরনের সময় বাদ দিলে গত ৫০ বছর ধরে বরিশালে সরকারি প্রতিষ্ঠানের নাম ছিনতাই ও দখলবাজি ছাড়া কোনো উন্নয়ন কেউ করেননি।নির্বাচনে কিভাবে জিতবে তা নিশ্চিত হওয়ার আগেই দখল হয়ে গেছে বাস-লঞ্চটার্মিনাল ও বাজার ঘাটক অবৈধ আয়ের উৎসগুলো। এই দখলবাজদের হাত থেকে রক্ষা পেতে লাঙ্গলে ভোট দিতে হবে।
রোববার (২৮ মে) দুপুরে নগরীর রসুলপুর কলোনীতে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এসময় মহানগর জাতীয় পার্টির আহ্বায়কসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী তাপস আরও বলেন, নির্বাচিত হলে উৎপাদনমুখী শহর করে বরিশালের আয় বৃদ্ধি করব। ফলে জনগণের কাছ থেকে ট্যাক্স জোর করে নেওয়ার প্রয়োজন হবে না। নগরীতে শিল্পকারখানা তৈরিতে ব্যবসায়ীরা যাতে মূলধন বিনিয়োগ করে সেই পরিবেশ নিশ্চিত করব। এছাড়া নগরীর বাসিন্দারা ভবন নির্মাণের ক্ষেত্রে প্ল্যান জটিলতার কারণে তা করতে পারছেন না। আমি নির্বাচিত হলে এই জটিলতা থাকবে না। আমার স্বপ্ন বরিশাল শহর হবে বাংলাদেশের আইটির রাজধানী। এই স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করেছি। ইতিমধ্যে বিদেশি সংস্থার সঙ্গে কথা বলেছি। আমিও একটি বিদেশি সংস্থার বাংলাদেশের পরামর্শক, তারাও আমাকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি তরুণ-তরুণীদের আইটি শহরে এনে প্রশিক্ষণ দেবো। তারা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ-বিদেশে বরিশালের সাফল্যের কথা তুলে ধরবেন।
তিনি বলেন, যারা ভোট ডাকাতদের সহযোগিতা করেননি তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আর বলছেন ভোট আমাদের দিতে দেওয়া হোক। আমরা ভোটের রেজাল্ট পাল্টে দেব।
ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, বরিশাল শহরে আওয়ামী লীগের মেয়রের যে ব্যর্থতা দেখেছেন তারা আওয়ামী লীগকে ভোট দেবে না। একই পরিবারের আরেকজন ব্যক্তি এসেছেন। মানুষ বুঝতেছেন যে, উনি যেসব কথাবার্তা বলছে, ওনার ভাতিজা যেমন রক্ষা করতে পারেনি, উনিও রক্ষা করতে পারবেন না।