বরগুনার মিন্নির জামিন আবেদন আরেক বেঞ্চে শুনানি হতে পারে আজ

আপডেট: August 19, 2019

বরগুনায় প্রকাশ্যে সন্ত্রাসীদের হামলায় নিহত শাহ নেওয়াজ রিফাত শরীফের স্ত্রী কারাবন্দি আয়েশা সিদ্দিকা মিন্নির জামিনের আবেদন দাখিল করা হয়েছে এবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফুিজর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে। এই আদালতে আজ সোমবারের দৈনন্দিন কার্যতালিকায় জামিনের আবেদনটি শুনানির জন্য থাকবে বলে জানিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না।

এর আগে ৮ আগস্ট বিচারপতি শেখ মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চ জামিন দিতে রাজি না হওয়ায় মিন্নির আইনজীবী জামিনের আবেদন ফেরত নিয়েছিলেন। এ অবস্থায় গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে জামিনের আবেদনটি শুনানির জন্য আদালতের নজরে আনেন সংশ্লিষ্ট আইনজীবী। আদালত শুনানির জন্য আবেদনটি গ্রহণ করেন।

বরগুনার জেলা ও দায়রা জজ আদালত গত ৩০ জুলাই মিন্নির জামিনের আবেদন খারিজ করেছিলেন। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হয়েছিল।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছিল রিফাত শরীফকে। ওই ঘটনায় নিহত রিফাতের বাবা আব্দুল আলিম দুলাল শরীফ বাদী হয়ে মামলা করেছিলেন। মামলার এজাহারভুক্ত আসামি রিফাত ফরাজী, টিকটক হৃদয়সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে এজাহারভুক্ত নয়ন বন্ড। গত ১৬ জুলাই রাতে মিন্নিকে গ্রেপ্তার করে পরদিন তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষ হওয়ার আগেই ১৯ জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন মিন্নি। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। মিন্নির আইনজীবীরা গত ২১ জুলাই ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে দেন।

160 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন