
আপডেট: June 21, 2025
সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি: সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যাচ্ছে সন্দ্বীপ শহরের প্রধান প্রধান সড়ক। বিশেষ করে পৌর এলাকার একাধিক সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ, যেগুলোতে জমে থাকা পানি প্রতিনিয়তই জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এক্সিম ব্যাংক ও সোনালী ইন্স্যুরেন্স এর সামনে থেকে ইউসিএল পর্যন্ত ছোট এই রাস্তাটিতে খানাখন্দের পরিমাণ এতটাই বেশি যে, সামান্য বৃষ্টিতেই তা রূপ নেয় ছোট ছোট জলাশয়ে। এতে পথচারীরা ঠিকমতো গর্ত বুঝতে না পারায় গাড়ির চাকা গর্তে পড়ে পানি ছিটকে পড়ে আশেপাশে থাকা মানুষদের গায়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন অফিসগামী মানুষ, বৃদ্ধ, মহিলা ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। জলাবদ্ধ সড়ক পার হওয়ার সময় অনেককেই হাঁটুর উপর পর্যন্ত কাপড় তুলে চলতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, শহরের প্রায় প্রতিটি সড়কেরই অবস্থা একই রকম। বর্ষা মৌসুমে সেই দুরবস্থার মাত্রা বেড়ে গিয়ে নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি ঠিকভাবে নিষ্কাশন হয় না। ফলে পানি ঢুকে পড়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে, নষ্ট হয়ে যায় পণ্যসামগ্রী।
উপজেলা কমপ্লেক্স এলাকাও বাদ যায়নি এই দুর্ভোগ থেকে। অফিসপাড়া হওয়ার পরও এখানকার রাস্তা খানাখন্দে ভরা। জরুরি সেবা পেতে আসা নাগরিকদেরও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
এলাকাবাসীর অভিযোগ, পৌর কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও দীর্ঘদিন ধরে এ সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। তারা দ্রুত রাস্তার সংস্কার ও একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন।
বিশ্লেষকদের মত: সন্দ্বীপ শহর একটি সম্ভাবনাময় শহর হলেও সঠিক পরিকল্পনা ও অবকাঠামোগত উন্নয়ন না থাকায় এ ধরনের সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে। সময় থাকতে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে।