১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

যশোরে শিশুটি কাঁদতে কাঁদতে ছুটে এলো মায়ের কাছে

আপডেট: আগস্ট ২৪, ২০১৯

প্রতীকী ছবি

যশোরের চৌগাছা উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে তার খেলার সঙ্গীদের মাঝ থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে এক যুবক। শনিবার বিকেলে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের দেবালয় গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার রক্তাক্ত শিশুটিকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়। ধর্ষক শিব রায় (১৯) দেবালয় গ্রামের সুকুমার রায়ের ছেলে।

চৌগাছা থানা পুলিশের ওসি রিফাত খান রাজিব বলেন, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিব রায় পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

ভিকটিমের স্বজনরা জানান, শিশুটি পাশের গ্রাম খড়িঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। শনিবার একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে অন্য শিশুদের সঙ্গে বাড়ির বাইরে খেলা করছিল। এসময় সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় শিব রায়। এর কিছুক্ষণ পর হঠাৎ শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের দিকে ছুটে আসে।

শিশুটির মা তাকে কোলে নিয়ে রক্তক্ষরণ হতে দেখে তার কাছে জানতে চাইলে সে জানায়, শিব রায় তাকে কষ্ট দিয়েছে। রক্তক্ষরণ অব্যাহত থাকায় তাকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুঞ্জুরুল ইসলাম বলেন, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

147 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন