৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

এ্যাংকর সিমেন্টে কোম্পানির মালিকের দুর্নীতি,ভ্যাট ফাঁকি ও অর্থপাচারের অভিযোগ

আপডেট: জুন ৩, ২০২৬

বিশেষ সংবাদ দাতা ঃঃ বরিশালের কীর্তনখোলা নদীর তীরে একসময় দিন-রাত মেশিনের শব্দে মুখর থাকত এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরি। ২০০২ সালে খানসন্স গ্রুপের অলিম্পিক সিমেন্ট লিমিটেডের অধীনে প্রতিষ্ঠিত এই শিল্পপ্রতিষ্ঠান একসময় দেশের অন্যতম সফল সিমেন্ট কারখানা হিসেবে পরিচিত ছিল। পাঁচটি ব্র্যান্ডের সিমেন্ট উৎপাদনের মাধ্যমে বাজারে আস্থা অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। তবে বর্তমানে এ্যাংকর সিমেন্টকে ঘিরে উঠেছে দুর্নীতি, অর্থপাচার, ভ্যাট ফাঁকি, অব্যবস্থাপনা ও সিন্ডিকেট বাণিজ্যের গুরুতর অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, তিন মাসের বেতন-বোনাস বকেয়া, উৎপাদন কার্যক্রম স্থবির, শ্রমিক অসন্তোষ, কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি এবং বিদেশে অর্থপাচারের ঘটনায় প্রতিষ্ঠানটি এখন চরম সংকটের মুখে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের বেতন ও বোনাসসহ টানা তিন মাসের বেতন-ভাতা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। অতিরিক্ত কাজের সম্মানীও বকেয়া রয়েছে। ঈদুল আজহা আগেও শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।

এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করলে ফ্যাক্টরির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্টদের দাবি, বর্তমানে সিমেন্ট উৎপাদন প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে কাঁচামাল ব্যবস্থাপনা ও ভ্যাট ফাঁকি নিয়ে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, স্টক রেজিস্টারে ৮০ হাজার মেট্রিক টন ক্লিংকার দেখানো হলেও বাস্তবে সেই ক্লিংকারের কোনো অস্তিত্ব নেই।

এ্যাংকর সিমেন্টের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই ৮০ হাজার মেট্রিক টন ক্লিংকার দিয়ে প্রায় ২৬ লাখ ৬৫ হাজার ৬৬৭ ব্যাগ সিমেন্ট উৎপাদন করা হয়েছে। পরে ডুপ্লিকেট মূসক চালানের মাধ্যমে তা বাজারজাত করে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

তার দাবি, শুধু ক্লিংকার থেকেই প্রায় ২০ কোটি টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে। এছাড়া লাইমস্টোন, জিপসাম, স্ল্যাগ ও ফ্লাই অ্যাশের হিসাব গোপন করে আরও প্রায় ২০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০ কোটি টাকার সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের বিরুদ্ধে।

এ বিষয়ে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সুপারিনটেনডেন্ট সাজ্জাদুল আলম বলেন, “অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

79 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন