বরিশালে খালেদা জিয়ার নামে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জমি  দখলের অভিযোগ

আপডেট: September 12, 2026

কামরুল হাসান রাসেলঃঃ বরিশাল মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের আতা এলাকায় সরকারি প্রকল্পের জন্য নির্ধারিত জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে নুরুল ইসলাম ওরফে রুডির বিরুদ্ধে। ওই জমিতে প্লট তৈরি করে বিক্রিরও অভিযোগ রয়েছে। সর্বশেষ সেখানে স্টোর নির্মাণের কাজ শুরু হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বরিশাল সফরের সময় ওই এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের কথা বলা হয়েছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে বিষয়টি বাস্তবায়ন হয়নি বলে স্থানীয়রা জানান।
সম্প্রতি বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক আতা এলাকার ওই স্থান পরিদর্শন করে সেখানে ইকোপার্ক করার পরিকল্পনার কথা জানিয়েছেন বলে স্থানীয়দের দাবি। এ অবস্থায় সরকারি প্রকল্পের জন্য সম্ভাব্য ওই জমিতে ব্যক্তি মালিকানার দাবি করে প্লট তৈরি ও স্থাপনা নির্মাণের ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নুরুল ইসলাম ওরফে রুডি আওয়ামী লীগ সরকারের সময়ে কাউন্সিলর হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতেন। বর্তমানে তিনি বিএনপির সঙ্গে নিজের সম্পৃক্ততার পরিচয় দিচ্ছেন বলেও অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ২৭ নম্বর ওয়ার্ডে জমি দখল ও প্লট বিক্রির সঙ্গে তার নাম আলোচিত হয়ে আসছে।
স্থানীয়দের আরও অভিযোগ, বিভিন্ন স্থানে জমি দখলের পর সেগুলো প্লট আকারে বিক্রির চেষ্টা করা হচ্ছে। এসব অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক নারীঘটিত অভিযোগ রয়েছে বলেও স্থানীয়রা দাবি করেছেন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে সর্বশেষ সরকারি প্রকল্পের জন্য সম্ভাব্য ওই জমিতে স্টোর নির্মাণের কাজ শুরু হওয়ায় নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, নির্মাণকাজ চলতে থাকলে ভবিষ্যতে সরকারি প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে।
এলাকাবাসী বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের কাছে জমিটির খতিয়ান, দাগ, নামজারি, মালিকানা ও রেকর্ডপত্রসহ সব কাগজপত্র দ্রুত যাচাই-বাছাই করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি কোনো প্রকল্পের জমি হলে তা দখল বা বিক্রির চেষ্টা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রশ্ন—সরকারি প্রকল্পের জন্য নির্ধারিত জমি হলে সেখানে কীভাবে ব্যক্তি উদ্যোগে প্লট তৈরি কিংবা স্থাপনা নির্মাণের কাজ চলছে? আর জমিটি যদি ব্যক্তি মালিকানাধীন হয়, তাহলে তার বৈধ মালিকানার কাগজপত্র কী?
অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম ওরফে রুডির বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

34 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন