মাধবপাশায় ফের সিদ্দিকুর রহমানকে চেয়ারম্যান হিসেবে চান ইউনিয়নবাসী

আপডেট: September 15, 2026

বাবুগঞ্জ,প্রতিবেদক : নির্বাচনের তফসিল ঘোষণার পরই সরগরম হয়ে উঠেছে বাবুগঞ্জ উপজেলার ৬নং মাধবপাশা ইউনিয়ন। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ইউপি নির্বাচন। আর আলোচনায় বারবার উঠে আসছে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমানের নাম। ইউনিয়নবাসীর একটি বড় অংশ তাকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।
গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মাধবপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কে হচ্ছেন পরবর্তী চেয়ারম্যান—এ নিয়ে চলছে চুলচেরা হিসাব-নিকাশ। তবে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমানকে ঘিরে সাধারণ ভোটারদের আগ্রহের বিষয়টি বেশ জোরালোভাবেই আলোচনায় এসেছে।স্থানীয়দের দাবি, সিদ্দিকুর রহমান চেয়ারম্যান থাকাকালে মাধবপাশা ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন হয়েছে। রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থা ও স্থানীয় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে তার ভূমিকা ছিল বলে মনে করেন অনেকে। তার সময়ের কর্মকাণ্ডের কথা স্মরণ করে অনেক ভোটারই বলছেন, অভিজ্ঞতা ও উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতার জন্য তাকে আবারও দায়িত্বে দেখতে চান তারা।ইউনিয়নবাসীর ভাষ্য, চেয়ারম্যান থাকাকালে সিদ্দিকুর রহমান দল-মত কিংবা ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। স্বজনপ্রীতির অভিযোগও তার বিরুদ্ধে তেমন শোনা যায়নি বলে দাবি স্থানীয়দের। বরং ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে সমন্বয় করে,৯টি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি—এমনটাই বলছেন তার সমর্থকরা।
একাধিক ভোটার বলেন, ‘চেয়ারম্যান হিসেবে সিদ্দিকুর রহমানের কাজ আমরা দেখেছি। তিনি মানুষের কথা শুনতেন এবং এলাকার উন্নয়নে কাজ করেছেন। তাই এবারও তাকে প্রার্থী হিসেবে দেখতে চাই।’এদিকে নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। কার জনপ্রিয়তা কতটা, কে মাঠে কতটা সক্রিয়—এসব নিয়েও চলছে আলোচনা। তবে শেষ পর্যন্ত ভোটাররা উন্নয়ন, যোগ্যতা ও গ্রহণযোগ্যতাকেই গুরুত্ব দেবেন বলে মনে করছেন স্থানীয়রা।
সব মিলিয়ে তফসিল ঘোষণার পর মাধবপাশা ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আর সেই হাওয়ায় সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমানের নাম যেন বেশ জোরেশোরেই ভেসে বেড়াচ্ছে। এখন দেখার বিষয়, ভোটের মাঠে জনসমর্থনের এই আলোচনার প্রতিফলন কতটা ঘটে ব্যালটের ফলাফলে।

39 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন