
আপডেট: September 19, 2026
আপডেট:
স্টাফ রিপোর্টারঃঃ বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুতের আটটি ট্রান্সফরমার চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নয়জনকে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল, বাকাল ইউনিয়নের সরবাড়ীসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল বলে পুলিশের দাবি।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেরাল গ্রামের আবুল বাশার সন্যামতের ছেলে জামাল হোসেন (৩২) ও একই গ্রামের সুলতান ভূঁইয়ার ছেলে ইমন ভূঁইয়া (১৯)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় বলে জানায় পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা ট্রান্সফরমারের আংশিক মালামাল উদ্ধার করা হয়েছে।
এদিকে, মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার পশ্চিম রাজিহার গ্রামের বিরেন্দ্রনাথ বড়ালের ছেলে বর্ষণ বড়াল (২১), গৌরাঙ্গ জয়ধরের ছেলে রতন জয়ধর (২৯), রামানন্দের আঁক এলাকার বিশ্বনাথ হালদারের ছেলে ঝন্টু হালদার (৩২), একই এলাকার সুনীল গাইনের ছেলে সঞ্জিত গাইন (৩৫), যোগেশ বালার ছেলে জীবন বালা (৩৫), কৃষ্ণ হালদারের ছেলে বিধান হালদার (৩২) এবং পশ্চিম বাগধা এলাকার রশিদ মোল্লার ছেলে রোমান মোল্লা (২৪)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।