ঝালকাঠিতে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট: September 24, 2026

ঝালকাঠি প্রতিনিধিঃঃ আওয়ামী লীগের নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার অভিযোগ তুলে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরিফুর রহমান খানের নেতৃত্বে মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত করতে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো অপচেষ্টা ছাত্রসমাজ ও জনগণ প্রতিহত করবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তৈহিদ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুমন মণ্ডল, সাবেক ছাত্রদল নেতা ছাকি, শাহরিয়ার সোহেলসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তবে বিক্ষোভকারীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

35 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন