সাংবাদিক সহিদুলকে পরিবারসহ হত্যার হুমকি জমির বায়নার টাকা নিয়ে বিরোধ, থানায় জিডি ও আদালতে মামলা

আপডেট: October 18, 2026

নিজস্ব প্রতিবেদকঃঃ জমি বিক্রির কথা বলে কয়েক লাখ টাকা বায়না নেওয়ার পর জমি রেজিস্ট্রি না করে উল্টো সাংবাদিক ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. সালাহ উদ্দিন হাওলাদার (৩৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী সহিদুল ইসলাম (৫০) দৈনিক সংবাদ সারাবেলার সহ-সম্পাদক ও একজন ব্যবসায়ী। তাঁর অভিযোগ, জমির রেজিস্ট্রি সম্পন্ন করার জন্য তাগাদা দেওয়ায় তাঁকে, তাঁর ছোট ভাই ও বোনকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগাল এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ঢাকার খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সহিদুল ইসলাম। জিডি নম্বর ৫৪১। এ ছাড়া জমি নিয়ে প্রতারণা ও হুমকির অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেছেন তিনি। মামলার নম্বর ৬৭২।
জিডি ও মামলার বিবরণে বলা হয়েছে, মো. আপ্তার আলী ও আলেয়া বেগমের ছেলে সালাহ উদ্দিন হাওলাদার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জমি বিক্রির কথা বলে সহিদুল ইসলামের কাছ থেকে কয়েক লাখ টাকা নেন বলে অভিযোগ রয়েছে। পরে জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য তাগাদা দিলে সালাহ উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ দেখা দেয়। এর জের ধরে সালাহ উদ্দিন মুঠোফোনে সহিদুল ইসলাম, তাঁর ছোট ভাই ও বোনকে অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এদিকে, দুই পক্ষের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সহিদুল ইসলামের দাবি, ওই কথোপকথনে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি বায়নাকৃত জমি রেজিস্ট্রি না করে উল্টো ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।
সহিদুল ইসলাম অভিযোগ করেন, জমির বায়নার টাকা ফেরত চাওয়া এবং রেজিস্ট্রি সম্পন্ন করার জন্য চাপ দেওয়ায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকির মুখে পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি। এ কারণে থানায় জিডি করার পাশাপাশি আদালতের শরণাপন্ন হয়েছেন।
মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। তাঁর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
স্থানীয়দের কেউ কেউ সহিদুল ইসলামকে পরিচিত ও ভদ্র মানুষ হিসেবে উল্লেখ করেছেন বলে দাবি করা হয়েছে। তবে অভিযুক্ত সালাহ উদ্দিন হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

50 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন