১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

দু’জন শিয়া মেয়েকে দত্তক নিয়েছিলেন শেখ হাসিনা

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০১৯

শিয়া সম্প্রদায়ের দু’জন মেয়েকে দত্তক নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই এ কথা জানিয়েছেন।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে শেখ হাসিনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, তিনি দু’জন শিয়া মেয়েকে দত্তক নিয়েছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইরানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক ঐতিহাসিক। বাংলাভাষায় প্রচুর ফারসি শব্দের ব্যবহারের কথাও ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন তিনি।

বুধবার বাংলাদেশ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি আলোচনা হয় মুসলিম উম্মাহর সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় মুসলিম উম্মাহর ঐক্যের ব্যাপারে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, মুসলিম উম্মাহর ঐক্য দরকার। আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ, মতপার্থক্যের সুযোগে তৃতীয় পক্ষ সুবিধা নিচ্ছে। মুসলিমরা নিজেদের রক্ত ঝরাচ্ছে, অন্যরা তার সুবিধা নিচ্ছে।

তিনি বলেন, আমরা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য চাই। যদি মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য থেকেও থাকে, সেগুলো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। এ জন্য রক্তক্ষরণের দরকার নেই।

ভাতৃঘাতী সংঘাত নিরসনে ওআইসিকে কার্যকরী ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

143 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন