
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯
বিজয় নিউজ :: জয়পুরহাটের আক্কেলপুর পৌর মেয়র গোলাম মাহফুজ অবসর চৌধুরীর কুশ পুত্তলিকা দাহসহ তাকে অবাঞ্ছিত ঘোষণা করলেন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় আক্কেলপুর পৌর শহরের হাসপাতাল রোডে সমাবেশ করে এ ঘোষণা করা হয়।
আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দের বিরুদ্ধে পৌর মেয়র অবসর চৌধুরী এক নারীকে দিয়ে মিথ্যা যৌন নিপীড়ন মামলা করার চক্রান্ত করেন বলে অভিযোগ এনে মেয়রের বিরুদ্ধে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন।
আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম আকন্দ, জেলা আওয়ামী লীগের কোষাধাক্ষ আহসান কবীর বিপ্লব, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা সুলতানা মলি, আক্কেলপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছিয়া খানম শম্পা, আক্কেলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক আব্দুর রহিম স্বাধীন মাস্টার প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, মেয়র অবসর চৌধুরী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভক্ত করার চক্রান্ত করছেন। আওয়ামী লীগের পদ-পদবি পেয়ে শূন্য অবস্থা থেকে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে আজ কোটিপতি বনে গেছেন। একাধিক বাড়ি ও দামি গাড়িসহ নামে-বেনামে বানিয়েছেন অঢেল সম্পদ। নিয়োগ বাণিজ্য, অবৈধ অস্ত্র ব্যবসা, আধিপত্য বিস্তারের মাধ্যমে নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, তার গাড়ির চালক ও চাচাতো ভাই মাদকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটকসহ তার বিরুদ্ধে বক্তারা নানা অভিযোগ করেন সমাবেশ থেকে।
অনুষ্ঠান শেষে পৌর মেয়র গোলাম মাহফুজ অবসর চৌধুরীর কুশ-পুত্তলিকা দাহ করা হয়।
এ ব্যাপারে গোলাম মাহফুজ চৌধুরী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, কিছু আওয়ামী লীগ নেতাকর্মী থাকলেও বিএনপি ও জামাত-শিবির নিয়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ বলেন, আওয়ামী লীগ না বিএনপি-জামায়াত-শিবির কর্মীরা এ প্রতিবাদ সমাবেশ করেছে তা ভিডিও ফুটেজ ও ছবিই প্রমাণ করবে। নিজের অপরাধ ও লজ্জা আড়াল করতেই অবসর আবারও এমন ঘৃণ্য মিথ্যাচার করলেন বলে জানান উপজেলা চেয়ারম্যান।