১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

ভোলা মসজিদে হামলার ঘটনায় জামিন বাতিলে বিক্ষোভে

আপডেট: অক্টোবর ২, ২০১৯

বিজয় নিউজ:: মাকতুবাতুল ফোরকানিয়া আহলে হাদিস জামে মসজিদে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আদালত ১৯ আসামির জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভোলা।

বুধবার বিক্ষোভ, অবস্থান, বাড়ি ও দোকানে হামলা-লুটপাটের ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয়পক্ষই থানায় অভিযোগ দিয়েছে বলে জানা গেছে।

এদিন ঈমান আকিদা সংরক্ষণ কমিটির ব্যানারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের নেতাকর্মীরা আদালতের সামনের সড়কে অবস্থান করে বিক্ষোভ করে।

এ সময় দুপুর ১২টা থেকে এক ঘণ্টা অবরুদ্ধ ছিল ওই এলাকা। বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এ আন্দোলনে যোগ দেয়।

এদিকে এ সব ঘটনাকে কেন্দ্র করে জেলা শহরে গত তিনদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।

আহলে হাদিস মসজিদ কমিটর সম্পাদক মো. কামরুল ইসলাম অভিযোগ করেন, সকালে একটি গ্রুপ তার বাড়িতে হামলা করে।

অপরদিকে ঈমান আকিদা সংরক্ষণ কমিটির নেতা মাওলানা আতাহার উদ্দিন মনতাজি জানান, তাদের সংগঠনের সদস্য জাকির হোসেনের দোকানে হামলা করে একটি গ্রুপ লুটপাট করে। এমন তথ্য তাদের জানান ওই সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম।

ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, উভয়পক্ষই মৌখিক অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ দুটি ঘটনাই তদন্ত করে দেখছে। অপরদিকে ঈমান আকিদা গ্রুপের আন্দোলনের সময় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।

গত বছরের ১১ জুলাই ব্যবসায়ী জাকির হোসেন, তার ভাই জামাল হোসেন, কামাল হোসেন, রফিকুল ইসলাম, ও সাবেক মেম্বার মো. ছগিরের নেতৃত্বে ২৫-৩০ জন হামলা চালিয়ে আহলে হাদিস গ্রুপের প্রতিষ্ঠিত মসজিদটি ভাংচুর করে। সন্ধ্যায় ফের আগুন লাগিয়ে দেয়।

ওই ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলা দেয় মসজিদ কমিটি। পুলিশ ইনভেস্টিগেশন অফ ব্যুরো (পিবিআই) বরিশাল জোনের একটি টিম এই মামলার তদন্ত করে। তদন্তে ৬ জন আসামি বাদ রেখে ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়।

মঙ্গলবার ওই ১৯ জন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

মসজিদ কমিটির সম্পাদক কামরুল ইসলাম জানান, টাকা ধার নেয়াসহ ব্যবসায়িক লেনদেন নিয়ে জাকির হোসেনের সঙ্গে তার (কামরুল ইসলামের) বিরোধ রয়েছে। ওই ইস্যুকে কেন্দ্র করে ব্যবসায়ী জাকির হোসেন কৌশলে চরমোনাই হুজুরের সমর্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের নেতাদের প্রলোভিত করে আহলে হাদিস ও কামরুল ইসলামের কিরুদ্ধে মাঠে নামান।

অপরদিকে ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সম্পাদক মাওলানা তাজল ইসলাম, মাওলানা আতাহার জানান, আহলে হাদিস সংগঠনটি ধর্মীয় উশৃঙ্খলা সৃষ্টিকারী সংগঠন। এরা ইসলামের মাসায়েল নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। ওই সংগঠনের নেতা কামরুল ইসলাম উগ্রবাদী। তার গ্রেফতারের দাবিতে তারা আন্দোলন করছেন। তাদের নেতাকর্মীদের জামিন বাতিল করেছে আদালত। বিষয়টি তারা মেনে নিতে পারছেন না।

155 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন