১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

ঝালকাঠিতে নিজ ঘরে যুবককে গলাকেটে খুন

আপডেট: ডিসেম্বর ৫, ২০১৯

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটি উপজেলায় সজল দেওয়ান (২৮) নামে এক যুবককে গলাকেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে মালিপুর গ্রামের নিজ ঘরে তার এ গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সজল দেওয়ান পৌর এলাকার মালিপুর গ্রামের আল কাদেরিয়া দরবার শরীফের প্রয়াত পীর আমীর দেওয়ানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, একই বাড়িতে আলাদা একটি ঘরে একা বসবাস করতেন ওই যুবক। সকালে নিহতের বোন সখি বেগম ওই ঘরের সামনে গেলে রক্তাক্ত অবস্থায় ভাইয়ের লাশ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানায়, মালিপুর গ্রামে আল কাদেরিয়া দরবার শরীফ নামে একটি ধর্মীয় খানকা রয়েছে। নিহতের দাদা কালু শাহ ছিলেন ওই দরবার শরীফের প্রতিষ্ঠাতা। পরবর্তীতে পৈত্রিক সূত্রে নিহতের বাবা আমির দেওয়ান ওই দরবার শরীফের পীরের দায়িত্ব পান।

তার মৃত্যুর পর সজল দেওয়ানের চাচা আনোয়ার দেওয়ানের সঙ্গে দরবারের পীর পদ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি দরবার শরীফ পরিচালনা ও আর্থিক ভাগবাটোয়ারা নিয়ে চাচার সঙ্গে নিহত সজলের প্রকাশ্যে বিরোধ চলছিল। এতে কয়েকবার উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনাও ঘটেছে।

নলছিটি থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তবে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

127 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন