
আপডেট: January 17, 2020
হবিগঞ্জ প্রতিনিধি :: বিপুল পরিমাণ সরকারি বৈদ্যুতিক তারসহ হবিগঞ্জের মাধবপুরে শ্রমিক লীগ নেতা শাহজাহান মিয়া মোল্লাকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে উপজেলার শাহজীবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে উদ্ধারকৃত বৈদ্যুতিক চোরাই তারের মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত শাহজাহান মিয়া মোল্লা মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মৃত কদর আলীর ছেলে। উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ও শাহজীবাজার রাবার বাগান এবং স্থানীয় দরগাহ গেট এলাকার মুন্নি গার্মেন্টসের কর্মচারী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শাহজাহান মিয়া মোল্লা দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে পিডিবির কতিপয় কর্মচারীকে ম্যানেজ করে সরকারি বৈদ্যুতিক তার বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন। এসব চোরাই তার তিনি মুন্নি গার্মেন্টসে মজুদ রাখেন এবং এখান থেকে বিভিন্ন স্থানে পাচার করেন।
গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার অভিযান চালিয়ে হাতে নাতে মুন্নি গার্মেন্টস থেকে চোরাই তারসহ তাকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যায়।
হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি মানিকুল ইসলাম জানান, পিডিবির বৈদ্যুতিক চোরাই তারসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।