পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, আচরণ পরিবর্তনে কাজ চলছে: ডিআইজি

আপডেট: August 18, 2026

স্টাফ রিপোর্টার ঃঃ: বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, পুলিশের প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে, পুলিশ তা পুরোপুরি পূরণ করতে পারেনি। জনগণের প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের আচরণ পরিবর্তনের পাশাপাশি সেবার মান বাড়াতে কাজ করা হচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ডিআইজি বলেন, থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণে কোনো ধরনের হয়রানির ঘটনা ঘটলে তা গুরুত্বসহকারে দেখা হবে। পুলিশকে জনবান্ধব ও সেবামুখী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল অপরাধ সম্পর্কে সচেতন করতে স্কুলভিত্তিক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
বরিশাল বিভাগের ছয় জেলায় ডাকাতি ও দস্যুতার ঘটনা প্রতিরোধে বিশেষ নজরদারি করা হবে জানিয়ে ডিআইজি বলেন, এসব অপরাধ নিয়ন্ত্রণে একটি বিশেষ সেল গঠন করা হবে। অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণমাধ্যমের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও কার্যকর করতে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পাশাপাশি বিভাগের ছয় জেলায় মিডিয়া উইং চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে প্রতিটি জেলায় একজন করে ভোকাল পার্সন রাখা হবে, যারা তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে মো. জুলফিকার আলী হায়দার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

32 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন