বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

আপডেট: August 25, 2026

স্টাফ রিপোর্টার ঃঃ বাস মালিক সমিতির বিরুদ্ধে যাত্রী ওঠাতে বাধা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বরিশালে মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা ধর্মঘট শুরু করেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এলাকায় অবস্থান নিয়ে তারা বাস চলাচলে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে দুপুর দেড়টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বাস শ্রমিকরা মহাসড়কে বাস আড়াআড়ি করে রেখে প্রতিবাদ শুরু করেন। এতে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়ায় নারী, শিশু ও বয়স্কসহ হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
মাহিন্দ্রা চালকদের অভিযোগ, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে যাত্রী তুলতে গেলে বাস মালিক সমিতির লোকজন তাদের বাধা ও মারধর করেন। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেনের দাবি, মাহিন্দ্রা চালকরাই প্রথমে বাস আটকে পরিস্থিতির সৃষ্টি করেন। পরে বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, দুই পক্ষের সঙ্গে কথা বলে বিরোধ মীমাংসার চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যানবাহন চলাচল বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের দাবি, পরিবহন শ্রমিকদের বিরোধ দ্রুত মীমাংসা করে জনদুর্ভোগ বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

41 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন