
আপডেট: November 10, 2026
স্টাফ রিপোর্টার ঃঃ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ক্রয় অনিয়ম, নিম্নমানের কৃষি উপকরণ সরবরাহ, সার আত্মসাৎ এবং ব্যক্তিগত অসদাচরণের একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্টরা।
অভিযোগের নথিতে উল্লেখ করা হয়েছে, স্টোরের মজুত ব্যবস্থাপনায় অনিয়ম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্টোরকিপারকে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি সংশ্লিষ্ট বার্তা মুছে ফেলার অভিযোগও উঠেছে। এ ছাড়া বিএডিসির ঢাকা অঞ্চলে দায়িত্ব পালনকালে এক কর্মচারীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগও নথিতে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, এসব বিষয়ে পূর্ববর্তী তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। তাই দরপত্র, ক্রয়াদেশ, সরবরাহ, গুদামের মজুত রেজিস্টার, ব্যাংক লেনদেন এবং ডিজিটাল তথ্য যাচাই করে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি আর্থিক অনিয়মের অভিযোগগুলো দুদকের মাধ্যমে অনুসন্ধানের দাবি জানিয়েছেন তাঁরা।
অভিযোগের বিষয়ে মেসবাহ উদ্দিন আহমেদ তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সঠিক নয় বলে দাবি করেছেন।
সংশ্লিষ্টদের মতে, বিএডিসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ওঠা এসব অভিযোগের সত্যতা দ্রুত ও নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।