১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

পূজার কেনাকাটা শেষে দুর্ঘটনায় বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর

আপডেট: অক্টোবর ৪, ২০১৯

মানিকগঞ্জ প্রতিনিধি;; মানিকগঞ্জের ঘিওরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ যাত্রী। শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবালয় উপজেলার নতুনপাড়া গ্রামের গণেশ সন্যাসী (৬৫) ও তার স্ত্রী কল্পনা সন্যাসী (৫৫)। তারা পূজার কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ এবং মানিকগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে আরিচা যাচ্ছিল স্বপ্ন পরিবহনের একটি বাস। বিকেল সাড়ে ৫টার দিকে ঘিওর উপজেলার তরা এলাকায় একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ওই দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

138 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন