বরিশালে চিকিৎসার নামে রোগী হয়রানি? ১২০০ টাকা ভিজিট, চার পরীক্ষার চাপে অসহায় রোগী! ( পর্ব -১)

আপডেট: November 12, 2026

নিজস্ব প্রতিবেদক, বরিশালে চিকিৎসাসেবা নিতে আসা অসহায় ও নিম্নআয়ের রোগীদের আর্থিক দুর্ভোগে ফেলার অভিযোগ উঠেছে মেডিসিন বিশেষজ্ঞ ডা. এফ আর খানের বিরুদ্ধে। রোগী দেখার জন্য ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত ভিজিট নেওয়া, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা দেওয়া এবং আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে ভিজিট কমানোর অনুরোধ করলেও ছাড় না দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ রয়েছে, নগরীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালে চেম্বার করেন এই চিকিৎসক। পাশাপাশি রাহাত আনোয়ার হাসপাতালে তাঁর রোগী দেখার কার্যক্রম রয়েছে।
সম্প্রতি নগরীর চাঁদমারি এলাকায় গভীর রাতে চিকিৎসকের চেম্বারের সামনে এক অসহায় রোগীর বক্তব্যে বিষয়টি সামনে আসে। বরগুনার ৩৪ বছর বয়সী রোগী আসিয়া আক্তার জানান, ১৩ দিন আগে তিনি ডা. এফ আর খানের কাছে চিকিৎসা নিয়েছিলেন। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আবারও চিকিৎসকের কাছে আসেন।
আসিয়া আক্তারের ভাষ্য অনুযায়ী, এবার চিকিৎসক তাঁকে চারটি পরীক্ষা করতে দেন। কিন্তু পরীক্ষা করানোর মতো পর্যাপ্ত টাকা তাঁর হাতে ছিল না। এ কারণে এলাকার স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহের চেষ্টা করছিলেন তিনি। তাঁর অভিযোগ, চিকিৎসকের কাছে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে ৮০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা ভিজিট নেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু চিকিৎসক সেই অনুরোধ রাখেননি। বরং ভিজিটের টাকা দিতে না পারায় তাঁকে চেম্বার থেকে বের হয়ে যেতে বলা হয়।
ভুক্তভোগী আসিয়া আক্তার বলেন, ‘স্যারকে অনেক অনুরোধ করেছি। বলেছি, আমার কাছে টাকা নেই, ৫০০ টাকা নেন। কিন্তু তিনি ৮০০ টাকার কম নিতে রাজি হননি। চারটি পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা করানোর জন্য এলাকার মানুষের কাছ থেকে বিকাশে টাকা আনতে হচ্ছে। অথচ বাড়ি ফেরার মতো টাকাও হাতে নেই। এখন এই গভীর রাতে রাস্তায় থাকতে হবে। কীভাবে বাড়ি যাব, সেই ব্যবস্থাও নেই।’
একজন অসুস্থ রোগী চিকিৎসা নিতে এসে প্রয়োজনীয় পরীক্ষা করানো এবং বাড়ি ফেরার ভাড়াটুকু জোগাড় করতে না পারার এমন পরিস্থিতি চিকিৎসাসেবার মানবিকতা নিয়েও প্রশ্ন তুলেছে।
চিকিৎসকদের ভিজিট নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নীতিমালা থাকতে পারে। তবে আর্থিকভাবে অসচ্ছল রোগীদের প্রতি মানবিক আচরণ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যৌক্তিকতা নিশ্চিত করা জরুরি। কোনো রোগীকে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রতিটি পরীক্ষার চিকিৎসাগত প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা এবং রোগীর আর্থিক সামর্থ্য বিবেচনায় নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা।
তদন্তের দাবি
ডা. এফ আর খানের বিরুদ্ধে ওঠা ভিজিট আদায়, অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা এবং অসহায় রোগীদের সঙ্গে আচরণসংক্রান্ত অভিযোগগুলো খতিয়ে দেখতে স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে তাঁর রোগী দেখার ব্যবস্থাপনা, ভিজিটের পরিমাণ এবং রোগীদের দেওয়া পরীক্ষা-নিরীক্ষার যৌক্তিকতা যাচাইয়ের দাবি উঠেছে।
এ বিষয়ে ডা. এফ আর খানের সাথে দেখা করতে চাইলে ডাঃচেম্বারে সামনে থাকা সহকারী বলেন ডাঃ এখন কথা বলতে পারবে না। এই জন্য বক্তব্য দেওয়া যায়নি।

83 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন